বিজয় বিডি ৭১ ডেস্ক: সলঙ্গার সাংবাদিক অঙ্গনের সুপরিচিত মুখ, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও তিন দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসা সিনিয়র সাংবাদিক সাহেদ আলী আর নেই।
বুধবার সকাল ১০টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
দীর্ঘ প্রায় ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় বিভিন্ন দৈনিকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর নির্ভীক অবস্থান তাঁকে সহকর্মীদের কাছে একজন শ্রদ্ধেয় ও অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। তিনি ছিলেন তরুণ সাংবাদিকদের একজন অভিভাবক ও অনুপ্রেরণার উৎস।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সন্তান, আত্মীয়-স্বজন, অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, তাঁর মৃত্যুতে সলঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সাহেদ আলীর মৃত্যু শুধু তাঁর পরিবারের নয়, সমগ্র সলঙ্গার সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। সাংবাদিকতায় তাঁর সততা, নিষ্ঠা ও সাহসিকতা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তাঁর সকল গুনাহ ক্ষমা করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমীন।

নিউজ ডেস্ক,অনলাইন