এনামুল হক উল্লাপাড়া( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশপথ সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেন্জ থেকে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কে অবাধে চলাচল করছে থ্রি হুইলার, অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা ও ভ্যান। সংশ্লিষ্টদের নজরদারির ঘাটতিতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ও কার্যকর অভিযান না থাকায় নিষিদ্ধ যানবাহনের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।
সরেজমিনে দেখা যায়, দ্রুতগতির বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের পাশাপাশি একই লেনে চলাচল করছে ধীরগতির এসব যানবাহন। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে মহাসড়কের বিভিন্ন অংশে যানজটের পাশাপাশি দেখা দিচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি।
আইন অনুযায়ী জাতীয় মহাসড়কে রিকশা, ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি হুইলার, অটোরিকশাসহ ধীরগতির যানবাহন চলাচল নিষিদ্ধ। তবে হাটিকুমরুল গোলচত্বর থেকে উল্লাপাড়ার বালসাবাড়ি পর্যন্ত দীর্ঘ অংশে এ নিষেধাজ্ঞা কার্যত উপেক্ষিত হচ্ছে।
একাধিক বাসচালক জানান, চলন্ত অবস্থায় হঠাৎ সামনে থ্রি হুইলার বা অটোরিকশা চলে এলে দ্রুতগতির যান নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এতে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাদের দাবি, নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করা হলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে আসবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই এ মহাসড়কে ছোট বড় দুর্ঘটনা ঘটছে। অনেক ঘটনায় প্রাণহানিও হচ্ছে। তাদের মতে, নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, মহাসড়কে উঠলেই ভয় লাগে। প্রতিদিনই অটো আর থ্রি হুইলার চলছে। প্রশাসন কঠোর হলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো : ইসমাইল হোসেন বলেন, মহাসড়কে নিষিদ্ধ যানবাহন নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নজরদারি, নিয়মিত অভিযান এবং আইন কঠোরভাবে প্রয়োগের বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

নিউজ ডেস্ক,অনলাইন