পোশাক খাতের টেকসই উন্নয়নে নৈতিকতা চর্চা গুরুত্বপূর্ণ: সালমান এফ রহমান

  • আপলোড সময় : ৬ মার্চ ২০২৪, বিকাল ৫:৪৩ সময়
  • আপডেট সময় : ৬ মার্চ ২০২৪, বিকাল ৫:৪৩ সময়
পোশাক খাতের টেকসই উন্নয়নে নৈতিকতা চর্চা গুরুত্বপূর্ণ: সালমান এফ রহমান

পোশাক খাতের টেকসই উন্নয়নে নীতি-নৈতিকতা চর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে পোশাকশিল্প গুরুত্বপূর্ণ। এ গতি অব্যাহত রাখার জন্য অবশ্যই টেকসই এবং নৈতিক অনুশীলনকে অগ্রাধিকার দিতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে সাসটেইনেবল অ্যাপারেল ফোরামে ‘টেকসই এবং প্রতিযোগিতামূলক পোশাকশিল্পের অগ্রযাত্রা’ শীর্ষক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালমান এফ রহমান। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ, আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ (আইএলও) কয়েকটি  জাতীয়-আন্তর্জাতিক সংস্থা যৌথভাবে এ ফোরাম আয়োজন করে।

অনুষ্ঠানে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, পোশাকশিল্পের টেকসই বিকাশে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। আর আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুওমো পৌটিআইনেন টেকসই উন্নয়নে ন্যায্য মজুরি ও নিরাপদ কাজের পরিবেশে গুরুত্ব আরোপ করেন।

বিজিএমইএর সহসভাপতি মিরান আলী বলেন, টেকসই অবস্থা কেবল একটি নৈতিক বাধ্যবাধকতা নয়, এটি ব্যবসায়িক দিক দিয়েও বাধ্যতামূলক। আমরা পরিবেশবান্ধব অনুশীলন ও নৈতিক মানগুলো গ্রহণের মাধ্যমে প্রতিযোগিতা বাড়াতে পারি, শিল্পের সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করবে।

অনুষ্ঠানে ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) অভিজিৎ চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন। দিনব‌্যাপী ফোরামে অন্তত ৫০০ দেশি-বিদেশি প্রতিনিধি অংশ নেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ