এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 'নজরুল বর্ষে নজরুল জয়ন্তী ২০২৬' উপলক্ষে বছরব্যাপী আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে উল্লাপাড়া পৌরসভা মিলনায়তনে এক সুধী সমাবেশ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নজরুল বর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বছরব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ০৯ আগস্ট ২০২৬ তারিখে সন্ধ্যায় উল্লাপাড়া পৌরসভা মিলনায়তনে উদ্বোধনী পর্বের আয়োজন করে ' রিমঝিম কচি-কাঁচার মেলা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ'।
আয়োজনে স্থানীয় গুণীজন ও আমন্ত্রিত অতিথিরা
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম নজরুল বর্ষে নজরুল জয়ন্তী অনুষ্ঠানের মাধ্যমে বছরব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সংগঠনের ক্ষুদে বন্ধু রিমিঝিম কর্মকারের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া ও মেলার পরিচালক ইত্তেফাক সাংবাদিক এ.আর জাহাঙ্গীর এবং শিশু সদস্য অঙ্কিতা।
আলোচনা শেষে নজরুল বর্ষ আয়োজক কমিটির সদস্য সচিব দৈনিক করতোয়া প্রতিনিধি নজরুল ইসলাম ও যুগ্ম সচিব ওবায়দুল ইসলাম খানের পরিকল্পনায় এবং ওস্তাদ শ্যামল সাহা ও নৃত্য শিক্ষক আশিক ফারুকের পরিচালনায়, সাবা ও সুমাইয়ার উপস্থাপনায় মেলার সংগীত, নৃত্য ও আবৃত্তি শাখার ৩০ জন ভাই-বোনেরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একক, দ্বৈত, সমবেত গান, বৃন্দ ও একক আবৃত্তি এবং কবির জনপ্রিয় গানের সাথে সমবেত নৃত্য ও একক নৃত্য পরিবেশন করে।
মেলার পরিচালক এ.আর জাহাঙ্গীর জানান, নজরুল বর্ষে বছরব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে নজরুলের শৈশবকাল নিয়ে শিশুদের মধ্যে রচনা প্রতিযোগিতা, নজরুল সংগীত, কবিতা ও একক নৃত্য প্রতিযোগিতা এবং নজরুল শিক্ষা সফর ও নৌকা ভ্রমণ। আগামী ২৫ মে ২০২৭ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে নজরুল বর্ষের সমাপনী অনুষ্ঠান।

নিউজ ডেস্ক,অনলাইন