স্টাফ রিপোটার
শিক্ষাক্ষেত্রে সফলতার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও দারুল ইসলাম মডেল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অর্জন সত্যই ঈর্ষণীয়। বিগত বছরের ন্যায় এবারও তারা সাংস্কৃতিক অঙ্গনে তাদের সফলতার ধারা অব্যাহত রেখেছে। উল্লেখ্য অদ্য ১৩/১১/২০২৪ তারিখে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেছিল অত্র জেলাধীন ৯ টি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মধ্য হতে বিজয়ী প্রতিযোগীরা। তাদের পাশাপাশি সিরাজগঞ্জ জেলা সদরে অবস্থিত দারুল ইসলাম মডেল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরাও উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কিন্তু সফলতার ঝুড়ি দারুল ইসলাম মডেল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরাই ভরিয়ে নেয় বলে উল্লেখ করেন অনুষ্ঠানে আগত প্রতিযোগী ও অতিথিবৃন্দ। প্রতিযোগিতার ফলাফল ঘোষণার সময় মারহাবা, মারহাবা বলে উচ্চকিত প্রশংসা কুড়ান দারুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীরা। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এবারের আয়োজনে মোট পুরস্কারের সংখ্যা ছিল ৬০ টি। তন্মধ্যে এককভাবে দারুল ইসলাম মডেল মাদ্রাসাই ছিনিয়ে নেয় তার সিংহ ভাগ তথা ৩৩ টি পুরস্কার। যা সত্যই প্রশংসনীয়।
উল্লেখ্য উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও বহু গ্রন্থ প্রণেতা, বাংলাদেশ সাহিত্য ছাউনী এর সভাপতি অধ্যাপক ড. খ ম আব্দুর রাজ্জাক এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় শিশু-কিশোরদেরকে জ্ঞান-বিজ্ঞান ও শিল্প সাহিত্যে মুসলমানদের অবদানের গৌরবোজ্জ্বল বিলুপ্ত ইতিহাসকে স্মরণ করিয়ে দেন। আগামী দিনে তাদেরকে ইসলামী তাহজিব তামাদ্দুন অনুসরণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য অনুপ্রেরণা যোগান।
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত উপ-পরিচালক জনাব মোহাম্মদ ফারুক আহামেদ।

নিউজ ডেস্ক,অনলাইন