সিরাজগঞ্জের তাড়াশে অপহৃত মাদরাসাছাত্রের লাশ উদ্ধার, আটক ৫

  • আপলোড সময় : ১১ এপ্রিল ২০২৪, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ১১ এপ্রিল ২০২৪, দুপুর ৩:৪৭ সময়
সিরাজগঞ্জের তাড়াশে অপহৃত মাদরাসাছাত্রের  লাশ উদ্ধার, আটক ৫


শাহাদত হোসেন নিজস্ব প্রতিবেদন 

সিরাজগঞ্জের তাড়াশে মারুফ হাসান (১২) নামের অপহৃত এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে, জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে র‌্যাব।


বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের বাজারের তালুকদার মার্কেটের একটি সেপটিক ট্যাংকে লাশটি শনাক্ত করা হয়। এর আগে, গত শুক্রবার (৫ এপ্রিল) ঝুরঝুরি গ্রাম থেকে অপহরণ হয় মারুফ।মারুফ ওই গ্রামের মো: মোশারফ হোসেন ছেলে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মারুফ পাশ্ববর্তী সলঙ্গা থানার একটি মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। ঈদের ছুটিতে সে বাড়িতে আসে। গত শুক্রবার বেলা ৩টায় পাশ্ববর্তী বাজার থেকে নিখোঁজ হয় সে। ওই দিনই মারুফের বাবা তাড়াশ থানায় নিখোঁজ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় তৎপরতা চালায়। এক পর্যায়ে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‌্যাব। তারা জানায়, মারুফকে তারা হত্যা করেছে এবং ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।


ঘটনাস্থলে থাকা তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।’এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা (সিআইডি) ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত রয়েছেন।


তবে কতজন ঘটনার সাথে জড়িত তা জানায়নি আইন-শৃঙ্খলা বাহিনী।


র‍্যাব-১২ অধিনায়ক মো: মারুফ হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, ‘অভিযুক্তদের আটক করা হয়েছে। এ ঘটনার সাথে কে কে সম্পৃক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’


তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলে তিনি জানান।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ