শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রগতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল নেতা হাবিবুর রহমান ফারুককে অপহরণের প্রতিবাদ, অপহরণকারীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর সোমবার সকালে প্রগতি সংঘ ও শাহজাদপুরের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল রামবাড়ী খঞ্জনদিয়ার প্রগতি সংঘের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা জানান, ২৮ আগষ্ট রাতে প্রগতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল নেতা হাবিবুর রহমান ফারুককে শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানার নেতৃত্বে একটি সন্ত্রাসী দল অস্ত্রের মুখে জিম্মি করে জোরপুর্বক অপহরণ করে নৌকায় নদীর কোন একটি জায়গায় নিয়ে গিয়ে হত্যা চেষ্টা করে। পরে পুলিশ এবং সেনাবাহিনীর জোর হস্তক্ষেপে ফারুককে ফিরিয়ে দিতে বাধ্য হয় । এঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানা ওরফে ককটেল রানার উপর ক্ষোভে ফুসে ওঠে জনগণ। এরই অংশ হিসেবে খন্দকার মাসুদ রানাকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
খন্দকার মাসুদ রানাকে দলথেকে দ্রুত বহিষ্কার দাবি করেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার মাসুদ রানা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে মানুষ। তাকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, প্রগতি সংঘের সভাপতি হবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আসলাম সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

নিউজ ডেস্ক,অনলাইন