বিজয় বিডি ৭১ ডেস্ক :
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় অদ্য ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. ভোর ০৪.৩০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০৫টি মোবাইল ফোন এবং নগদ ১১২০/- টাকা জব্দ করা হয়।
২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ আজিজুল হক (৩২), পিতা- মৃত আব্দুল খালেক, সাং- পুকুড়িয়া, ২। মোঃ বিশু আলী (২৮), পিতা- মোঃ মর্তুজা আলী, সাং- একবরপুর, উভয় থানা- শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জ।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন হতে লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ট্রাক যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।