সিরাজগঞ্জের তাড়াশে একই রাতে এক মালিকের ৭ টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে তাড়াশ উপজেলার ভাদাস গ্রামে। জানাগেছে উক্ত গ্রামের দক্ষিন পূর্ব পাড়ার আয়নাল হকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে প্রায় সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৭টি গরু চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে কৃষক আয়নাল হক জানান,তিনি প্রতিদিনের মতো গোয়াল ঘরের যাবতীয় কাজ সেরে যথারীতি গোয়ালে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় আড়াইটার দিকে তার হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গিয়ে দেখেন গোয়াল থেকে চোরের দল গরু নিয়ে রাস্তায় রাখা ট্রাকে তুলছে। এ সময় আয়নাল চিৎকার করতে থাকলে চোরের দল তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। তার চিৎকারে আশে পাশের লোকজন আসতে না আসতেই ৫টি বড় গরুসহ ২টি ছোট বাছুর গরু চুরি করে পালিয়ে যায়। গরুগুলোর আনুমানিক মূল্য সাড়ে ১১ লাখ টাকা। খবর পেয়ে এদিন সকালে তাড়াশ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শণ করছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।