মেরাজুল ইসলাম (মেরাজ)ভ্রাম্যমাণ প্রতিনিধি :
চুরি-ডাকাতি, গরু চুরি, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাঠে সক্রিয় রয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিয়মিত টহল, চেকপোস্ট ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর বাজার, চারাবটলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল (চেকপোস্ট) ডিউটি পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য, নিরাপত্তাকর্মী ও বাজার প্রহরীদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্ব পালনে সতর্ক থাকার পাশাপাশি অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খাঁন, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলীসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য, নিরাপত্তাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন জনগণ।
এ সময় বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি নজরদারি এবং চুরি-ডাকাতি প্রতিরোধে স্থানীয়দের আরও সচেতন ও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে গরু চুরি, মাদক ব্যবসা ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পুলিশের এমন তৎপরতায় স্থানীয় ব্যবসায়ী, বাজার প্রহরী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়ছে। স্থানীয়দের মতে, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে। নিরাপদ সলঙ্গা গড়ার লক্ষ্যে জেলা পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।