এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মেয়ের সন্ধান না পাওয়ায় তাকে দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্কুল ছাত্রী মাহিয়া আক্তার মিরা
'র বাবা মো: মোমিনুল ইসলাম। একই সঙ্গে মামলা তুলে নিতে হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেছেন তিনি।
রবিবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে সলঙ্গা থানা মোড়ের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্যে মো. মোমিনুল ইসলাম বলেন, তার মেয়ে মাহিয়া আক্তার মিরা উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাত্রী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৩ আগস্ট সকাল ৯ টার দিকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মিরা। পরে উনুখাঁ বাজারের পশ্চিম পাশে পৌঁছালে দবিরগঞ্জ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জাকারিয়াসহ কয়েকজন একটি হাইস গাড়িতে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে তারা জানতে পারেন।
এ ঘটনায় ভুক্তভোগী রামকৃষ্ণপুর ইউনিয়নের আগুরপুর গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে মোঃ মোমিনুল ইসলাম সলঙ্গা থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। পরবর্তীতে তারা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পরিবারের সদস্যদের হয়রানি করছে বলে অভিযোগ করেন মোমিনুল ইসলাম।
দীর্ঘ ১ মাস বেশি সময় পেরিয়ে গেলেও মেয়ের সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত মাহিয়া আক্তার মিরাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
এ সময় মেয়েটিকে উদ্ধারে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন মো. মোমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।