রায়গঞ্জ প্রতিনিধি |
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়ন এবং রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মধ্যবর্তী সলঙ্গা বাজার থেকে নিমগাছি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও পিচ উঠে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এটি উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক।
প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সবাই। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় রাস্তার প্রকৃত অবস্থা বোঝা যায় না। ফলে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহনের চালকদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য এবং নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াত ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে টেকসই ও মানসম্মত সংস্কারকাজ শুরুর জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত সংস্কারকাজ বাস্তবায়ন করা হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।